নির্বাচনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ‘ফেসবুক টেন্ডেন্সি এভয়েড’ করার পরামর্শ

২ জানুয়ারি, ২০২৪ ১৩:২৯  

‘নির্বাচনকে কেন্দ্র করে গুজব আসবে’ এমন আশঙ্কার কথা জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনকালীন সময়ে ‘ফেসবুক টেন্ডেন্সি এভয়েড’ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান।

‘তরুণ অফিসারদের মধ্যে ফেসবুক টেন্ডেন্সি থাকে’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি অনেক ছবি দেখেছি। এ ছবিগুলো দেওয়াটা শোভন নয়। এ বিষয়গুলো এভয়েড করা। ফোনে কথা বলার সময় সাবধান থাকতে হবে। একটা দুইটা শব্দ চয়নের মাধ্যমে অনেক ধরনের বিপত্তি ঘটতে পারে’।

তিনি আরো বলেছেন,‘সাইবারভিত্তিক কিছু গুজব আসবে। এটা প্রত্যেকটা ডিসি জানেন, একটা গুজব আসলে কোথায় জানাতে হবে। লিংকটা কার কাছে পাঠাতে হবে। এটা আমরা তাদের ওয়েল সার্কুলেটেড করেছি। আপনি জাস্ট কন্ট্রোল রুম বা কোথাও একটা পাঠাবেন। যদি না পারেন আমাদের যে আইনশৃঙ্খলা সমন্বয় সেল আছে, সেখানে ৬টা নম্বর আছে, সেই নম্বরে দেবেন। তাও যদি না পারেন, পিআইডির একটা সেল আছে, এনটিএমসির একটা সেল আছে। এরা সার্বক্ষণিক কাজ করছে। ১০ তারিখ পর্যন্ত ২৪/৭ থাকবে। আপনারা যদি সেগুলো জেলা প্রশাসককে পাঠান, তারা সেলগুলোতে পাঠাতে পারবেন। আমরা ব্যবস্থা নিতে পারবো’।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব পরামর্শ দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। ইসি সচিব জাহাংগীর আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এবার নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা উল্লেখ করে আনিছুর রহমান বলেন, এর উদ্দেশ্য একটাই, তা হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তারা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারেন, কোনো কারণে যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তারা সেটা চাইবেন না। কারণ, এতে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।